প্রত্যয়
[আর ভুল হবে না
]
প্রায় পরীক্ষায় প্রত্যয় থেকে এক ধরনের প্রশ্ন এসে থাকে—
→ নিচের কোনটি বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
→ নিচের কোনটি সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
উদাহরণসরূপ ২টি বিসিএস পরীক্ষার আর ১টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিম্নে দেওয়া হলো—
১। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [৪০তম বিসিএস]
- ক. কারক
- খ. লিখিত
- গ. বেদনা
- ঘ. খেলনা
২। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [৩৮তম বিসিএস]
- ক. চামাড়
- খ. ধারালো
- গ. মোড়ক
- ঘ. পোষ্টাই
৩। √কাঁদ + অন- কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? [১২তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়-২] ২০১৫]
- ক. বাংলা কৃৎ পত্যয়
- খ. তদ্ধিত প্রত্যয়
- গ. কৃৎ প্রত্যয়
- ঘ. কোনোটিই নয়
এই প্রশ্নগুলোর উত্তর সাধারণ শিক্ষার্থীরা প্রায় ভুল করে বা নির্ণয় করতে পারে না। আশা করি আজকে থেকে পারবেন। এই প্রশ্নের উত্তর নির্ণয় করতে হবে ২টি ধাপে। প্রথমে আপনাকে ৪টি অপশন প্রত্যয়ের নিয়মে ভেঙে নিতে হবে বা প্রত্যয় সাধিত কিনা দেখে নিতে হবে (অনেক সময় ৪টি অপশনে দু-একটি প্রত্যয় সাধিত নাও হতে পারে)। আমি প্রথম উদাহরণটি আপনাদের নির্ণয় করে দেখাচ্ছি।
→ বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [৪০তম বিসিএস]
ক. কারক খ. লিখিত গ. বেদনা ঘ. খেলনা
ব্যাখ্যা: এই ধরনের প্রশ্ন সমাধান করতে হলে প্রথমে প্রদত্ত শব্দগুলো প্রত্যয়ের নিয়মে ভাঙতে হবে তারপর তাদের ধাতুটি বা ক্রিয়ার মূলটি দেখতে হবে। যদি ধাতুটি বাংলা হয় তাহলে বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ আর সংস্কৃত হয় তাহলে সংস্কৃত প্রত্যয় সাধিত শব্দ। এক নজরে বাংলা ধাতু ও সংস্কৃত ধাতুগুলো দেওয়া হলো—
বাংলা ধাতু (২১টি): আক্, কহ্, কাট্, কর্, কাদ্, কিন্, খা, গড়্, ঘষ্, দেখ্, ধর, পড়্, বাঁধ্, বুঝ্, রাখ্, শুন্, থাক্, হাস্, খেল্, জান্, নাচ্।
সংস্কৃত ধাতু (২২টি): অঙ্ক, কথ্, কৃৎ, কৃ, ক্রন্দ্, ক্রী, খাদ্, গঠ্, ঘৃষ্, দৃশ্, ধৃ, পঠ্, বন্ধ্, বুধ্, রক্ষ্, শ্রু, স্থা, হস্, বিধ্, বৃধ্, লিখ্, গম্।
প্রথম ধাপ: এবার উপরের ৪টি অপশনের প্রকৃতি ও প্রত্যয়— ক. কারক (√কৃ + অক); খ. লিখিত (√লিখ্ + ইত); গ. বেদনা (√বিদ্ + অনা); ঘ. খেলনা (√খেল্ + অনা)। এখানে ৪টি অপশন-ই কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। (যাঁরা কৃৎ বা তদ্ধিত প্রত্যয় নির্ণয় করতে পারেন না, তাঁরা অপেক্ষা করুন; পোস্ট পাবেন)।
দ্বিতীয় ধাপ: এবার দেখতে হবে বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? এটি নির্ণয় করার জন্য ৪টি অপশনের মূল অর্থাৎ ধাতুটি দেখতে হবে বাংলা থেকে এসেছে নাকি সংস্কৃত থেকে এসেছে। চলুন দেখে নিই— ক. (কৃ)— সংস্কৃত; খ. (লিখ্)— সংস্কৃত গ. (বিদ্)— সংস্কৃত; ঘ. (খেল্)— বাংলা। আপনারা সবাই উপরের বাংলা ধাতু ও সংস্কৃত ধাতু থেকে মিলিয়ে নিন। যেহেতু ক, খ, গ অপশনগুলোর ধাতু সংস্কৃত সেহেতু এগুলো সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। আর অপশন (ঘ) এর (খেল্) ধাতুটি বাংলা তাই এটি বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। সুতরাং এই প্রশ্নের এটিই উত্তর।
তার মানে আপনাকে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে হলে আপনাকে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হবে এবং ধাতুটি বাংলা না সংস্কৃত এটি নির্ণয়ের জন্য উপরের ২১টি বাংলা ধাতু এবং ২২টি সংস্কৃত ধাতু মনে রাখতে হবে। তাই না! 
এবার আসা যাক টেকনিক পার্টে—
প্রথম ধাপ অনেক সহজ যা আপনি পারবেন। দ্বিতীয় ধাপ আপনাকে ওই ২১টি বাংলা এবং ২২টি সংস্কৃত ধাতু মুখস্থ রাখতে হবে। যাঁরা মুখস্থ করতে পারবেন না তাঁদের একটি টেকটিক বলছি মনে রাখবেন।
নির্ণয়ের সূত্র: ধাতুটিকে যদি ‘তুই‘ দিয়ে প্রশ্ন করা যায় তাহলে তা বাংলা ধাতু আর ধাতুটিকে ‘তুই’ দিয়ে প্রশ্ন করা না যায় তাহলে তা সংস্কৃত ধাতু।
যেমন— তুই ‘কর্’; তুই ‘নাচ্’; তুই ‘খেল’ এরূপ প্রশ্ন করা যায়, তাহলে তা বাংলা ধাতু। আর তুই ‘কৃ; তুই ‘দৃশ্‘; তুই ‘বিদ্’ এরূপ প্রশ্ন করা না যায়, তাহলে তা সংস্কৃত ধাতু হবে। এভাবে উপরের ২১টি বাংলা ধাতু এবং ২২টি সংস্কৃত ধাতু দেখে নিবেন যা প্রত্যেকটি টেকনিকে পড়বে। সূত্রের ব্যতিক্রম: মুড়্ — বাংলা ধাতু মনে রাখতে হবে।
এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে—
→ বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [৩৮তম]
- ক. চামাড়
- খ. ধারালো
- গ. মোড়ক
- ঘ. পোষ্টাই
ব্যাখ্যা: এই ধরনের প্রশ্ন সমাধান করতে হলে প্রথমে প্রদত্ত শব্দগুলো ভাঙ্গতে হবে তারপর তাদের ধাতুটি দেখতে হবে। যদি ধাতুটি বাংলা হয়J তাহলে বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ আর সংস্কৃত হয় তাহলে সংস্কৃত প্রত্যয় সাধিত শব্দ। যেমন— মোড়ক (√মুড় + অক) এখানে মুড়্ ধাতুটি বাংলা (টেকনিক: ব্যতিক্রম) সুতরাং এটি বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। অপরদিকে— ‘চামার’ শব্দটি তদ্ভব ভাষার শব্দ; ‘ধারালো’শব্দটি বাংলা ভাষার শব্দ যার অর্থ ধারযুক্ত বা শানিত; ‘পোষ্টাই’ তদ্ভব ভাষার শব্দ যার সংস্কৃত রূপ পুষ্ট। ‘পোষ্টাই’ অর্থ পুষ্টিকর। সুতরাং উত্তর (গ) হবে।
অনুরূপ— তৃতীয় প্রশ্নটি
→ √কাঁদ + অন- কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? [১২ত শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়-২] ২০১৫]
- ক. বাংলা কৃৎ পত্যয়
- খ. তদ্ধিত প্রত্যয়
- গ. কৃৎ প্রত্যয়
- ঘ. কোনোটিই নয়
ব্যাখ্যা: কাঁদনা = √কাঁদ + অন এখানে ‘কাঁদ’ ধাতুটি বাংলা সুতরাং এটি বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। সুতরাং উত্তর (ক) হবে। লক্ষণীয় অপশনে ‘বাংলা কৃৎ প্রত্যয়’ না থাকলে উত্তর (গ) হতো।
টেকটিক: তুই ‘কাঁদ্’ —প্রশ্ন করা যাচ্ছে তার মানে বাংলা ধাতু তাই উত্তর হবে বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। 
Tags
টিপস