খেলার নাম = করণকারক = সাইড ইফেক্ট
ভুল দাগিয়েছেন; না পড়লে হয়তো সারাজীবন ১০০% ভুল দাগাবেন। কেন না এত ডিপ তথ্য কোনো বইয়ে পাবেন না।
সাধারণত কারক নির্ণয়ের ক্ষেত্রে এক ধরনের কারক এসে থাকে খেলার নাম দিয়ে যেমন ক্রিকেট, বল, তাস, লাঠি, দড়ি ইত্যাদি। এই নামগুলো দেখে প্রায় সবাই করণ কারক দাগিয়ে দেয়। কিন্তু তা ভুল বা অযৌক্তিক। খেলার নাম থাকলে যে করণ কারক হবে তা নয়; এটি কর্মকারক বা অধিকরণ কারকও হতে পারে। আপনাদের সুবিধার্থে আমি ৪টি বাক্য লিখছি সাথে ব্যাখ্যা ও নিয়ম করে দিচ্ছি।
- ছেলেরা ক্রিকেট খেলে।
- ছেলেরা ক্রিকেট খেলায় ভালো।
- ছেলেরা বল খেলে বা খেলছে।
- ছেলেদের মধ্যে বল খেলা হয়েছে বা হবে।
লক্ষ করুন, আপনার মনে হতে পারে উপরের ৪টি বাক্যের উত্তর করণকারক, কিন্তু তা ভুল। আমি ক্লাসে বারবার বলি, বাক্যের ক্রিয়ার উপর নির্ভর করে কারক নির্ণীত হয়। অনেক সময় বাক্যের গঠন প্রায় একই রকম হয়ে থাকে কিন্তু ক্রিয়ার রূপ পরিবর্তন ও খেলার উপকরণের পার্থক্য হওয়ার সাথে সাথে কারক পরিবর্তন হয়ে যায়। সেই অনুসারে উপরের কারকগুলোর ব্যাখ্যা দেওয়া হলো:
১. ছেলেরা ক্রিকেট খেলে।
এই বাক্যে ‘ক্রিকেট’ কর্মকারক হবে। কারণ ক্রিকেট দ্বারা খেলা যায় না, অর্থাৎ ক্রিকেট খেলার কোনো উপকরণ নয়। এটি একটি খেলার নাম। ক্রিকেট খেলতে ব্যাট, বল ইত্যাদি লাগে তাই এগুলো খেলার উপকরণ। সুতরাং ক্রিকেট দ্বারা উপরকণ বুঝায় না, বরং ব্যাট-বল খেলার নাম বুঝায়, তাই উপরিউক্ত বাক্যে ক্রিকেট কর্মকারকে শূন্য বিভক্তি।
২. ছেলেরা ক্রিকেট খেলায় ভালো।
এই বাক্যে ‘ক্রিকেট’ অধিকরণ কারক হবে। কারণ কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বুঝালে সে-ই বিষয়টি অধিকরণ কারক হয়। এখানে ছেলেরা ক্রিকেট খেলায় ভালো, অর্থাৎ দক্ষতা প্রকাশ পাচ্ছে। তাই খেলার নাম হলেও কর্ম বা করণ না হয়ে অধিকরণ কারকে হয়েছে। বলে রাখা ভালো, এখানে খেলার উপকরণ ম্যাটার করবে না। অর্থাৎ যে কোনো খেলায় ভালো-মন্দ বা দক্ষতা-অদক্ষতা বুঝালেই সেই খেলার নামটি অধিকরণ কারক হয়ে যাবে।
৩. ছেলেরা বল খেলে।
এই বাক্যে ‘বল’ করণ কারক হবে। কারণ বল খেলার একটি সরাসরি উকপরণ এবং ক্রিয়াপদ খেলে, অর্থাৎ বর্তমান অবস্থায় আছে। সুতরাং ছেলেরা বল দ্বারা খেলে বা খেলছে। তাই এটি করণ কারক হবে। মনে রাখবেন, খেলার উপকরণের নাম বুঝালে তা করণ হবে। অন্যথায় কর্ম আর দক্ষতা-অদক্ষতা বুঝলে অধিকরণ।
৪. ছেলেদের মধ্যে বল খেলা হয়েছে বা হবে।
এই বাক্যে বল কর্মকারক হবে। কারণ এখানে বল দ্বারা উপকরণের নাম বুঝাচ্ছে না; বুঝাচ্ছে খেলার নাম। বাক্যের ক্রিয়াপদ লক্ষ করুন, ‘হয়েছে’ বা ‘হবে’, অর্থাৎ অতীত ও ভবিষ্যৎ অবস্থায় আছে। ছেলেদের দুই দলের মধ্যে বল খেলা অনুষ্ঠিত হয়েছে বা হবে, এটি দ্বারা খেলার নাম বুঝায়, অর্থাৎ একটি খেলা হয়েছে বা হবে, যা বল খেলা নাম। তাই একটি উপকরণ হওয়া সত্ত্বেও করণ কারক না হয়ে কর্ম কারক হচ্ছে। মনে রাখবেন, বাক্যে খেলার নাম দিয়ে ক্রিয়াপদ অতীত বা ভবিষ্যৎ অবস্থায় থাকলে, তা সাধারণত কর্ম কারক হয়। আর বর্তমান অবস্থায় থাকলে এবং খেলার উপকরণ ১টি হলে তা সাধারণত করণ কারক হয়। তবে খেয়াল রাখতে হবে, দক্ষতা-অদক্ষতা বুঝালে তা নিঃসন্দেহে অধিকরণ কারক হবে।
আসুন পূর্বের পড়া থেকে কয়েকটি কারক অনুশীলন করে ফেলি।
- ক্রিকেট খেলে কত ছেলে পড়া নষ্ট করে। — কর্মকারক।
- তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে। — কর্মকারক। [আবার, ৪নং উদাহরণের ব্যাখ্যা পড়ুন]
- রনি তাস খেলে। — করণকারক।
- ছেলেরা মাঠে বল খেলে। — করণকারক।
- তারা বল খেলে। — করণকারক।
কাকে? = কর্মকারক = সাইড ইফেক্ট
Tags
টিপস
দারুন
উত্তরমুছুন